spot_img
spot_img

ইরানবিরোধী যুদ্ধের অবসান ঘটাতে হবে : মামদানি

ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইল জোটের আগ্রাসী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মামদানি বলেন, “তিন মাস আগে আজকের এই দিনে এমন এক যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে কেউ ভোট দেয়নি; অথচ এর মূল্য দিতে হয়েছে এমন মানুষদের, যাদের এতে কোনো মতামতই ছিল না।”

তিনি বলেন, এই যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে ১৩ জন আমেরিকান সেনা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন না।

মামদানি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধের প্রভাব এখন আমেরিকার সাধারণ মানুষের জীবনেও পড়ছে। জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়েছে, আর কর্মজীবী পরিবারগুলোর বাজেট আরও চাপে পড়েছে।

তিনি আরও বলেন, আমেরিকার বাইরে হারানো প্রতিটি জীবন এবং আমেরিকার ভেতরে কর্মজীবী পরিবারগুলোর কাছ থেকে কেড়ে নেওয়া প্রতিটি ডলার একই বেপরোয়া বিলের অংশ। আর এই বিল চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপর, যারা নিজেরা কখনোই এটি পরিশোধ করতে পারবে না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের যৌথ সামরিক হামলা শুরু হয়। ওই সময় ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। হামলার পর ইরানও আমেরিকা-ইসরাইল জোটের বিরুদ্ধে পাল্টা জবাব দেয়।

এর আগেও মামদানি এই হামলাকে অবৈধ আগ্রাসী যুদ্ধের ভয়াবহ উসকানি বলে নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, শহরে বোমাবর্ষণ, বেসামরিক মানুষ হত্যা এবং যুদ্ধের নতুন ক্ষেত্র খুলে দেওয়াকে আমেরিকার সাধারণ মানুষ সমর্থন করে না। তারা আরেকটি শাসন পরিবর্তনের যুদ্ধ চায় না; তারা চায় জীবনযাত্রার ব্যয়সংকট থেকে মুক্তি ও শান্তি।

সূত্র : ডন, আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ