spot_img

কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কৃষিই বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। এ বিবেচনা বোধ থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ জুন) সকালে নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পলক বলেন, অতীতে কৃষি ও কৃষকের অবস্থা ছিলো বিভীষিকাময়। ৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে এদেশের কৃষকরা সারের টোকেন পেতে দিনের পর দিন ঐ সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে বাড়িতে ধর্না দিয়েছেন। তবুও সার পাননি। বাজার মূল্যের পাঁচগুণ পর্যন্ত বেশী দরে সার কিনতে হয়েছে। সারের দাবিতে দিনাজপুরে ১৪ জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। সেচের বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন চিন্তা মাথায় রেখে সরকার গ্রামীণ সড়কের ব্যাপক উন্নয়ন করেছে। এখন কৃষক অনায়াসে কৃষি উৎপাদনে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে গন্তব্যে নিতে পারেন এবং তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন। ৭৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬৪ কিলোমিটার নাটোর-বগুড়া মহাসড়ক প্রশস্তকরণ এবং চারলেনে উন্নীতকরণের ফলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করবে। এমনকি তারা অনায়াসে তাদের উৎপাদন নিয়ে এ মহাসড়কের সাথে যোগসূত্র তৈরী হওয়া মোংলা বন্দর কিংবা অন্যান্য স্থল বন্দরে যেতে পারবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ