ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের পক্ষ থেকে হামলা অব্যাহত থাকলে কাবুলে পাকিস্তানি দূতাবাস বন্ধ করে দেওয়া সম্ভাব্য বিকল্পগুলোর একটি হতে পারে।
মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইমারাতে ইসলামিয়ার ধৈর্য ও সংযম অবলম্বন করা উচিত। এ ধরনের পদক্ষেপ যথাযথ সময়েই নেওয়া উচিত।
মাওলানা মুজাহিদ স্পষ্ট করে বলেন, আফগানিস্তান এখনো পাকিস্তানের সঙ্গে বড় ধরনের যুদ্ধে প্রবেশ করেনি। ইসলামাবাদের সঙ্গে মতপার্থক্য সমাধানে এখনো আরও কিছু পথ রয়েছে, যেগুলো অবলম্বন করা যেতে পারে।
পাকিস্তানের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আফগানদের ‘জবাব দেওয়ার মতো লোক আছে’। এসব হামলার যথাসময়ে সিদ্ধান্তমূলক ও চূর্ণকারী জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এতে প্রায় ২০০ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
সূত্র: হুরিয়াত রেডিও











