spot_img
spot_img

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ

ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জেপোরোজিয়া এবং খেরসন অঞ্চলে গণভোটের পর সেগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়ার ঘোষণা দিতে চলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ লক্ষ্যে নথিপত্র সইয়ের একটি অনুষ্ঠান করবেন তিনি। ক্রেমলিনে ভাষণও দেবেন পুতিন।

শুক্রবার (৩০শে সেপ্টেম্বর) অনুষ্ঠান উপলক্ষে রাজধানী মস্কোর রেড স্কয়ারে এরই মধ্যে মঞ্চ স্থাপন করা হয়েছে।

ইউক্রেইনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসাবে ঘোষণা দিয়ে কয়েকটি বিলবোর্ডও টাঙানো হয়েছে। সন্ধ্যায় রেড স্কয়ারে আয়োজন করা হয়েছে কনসার্টের। কনসার্ট দেখার জন্য এরই মধ্যে সেখানে লাগানো হয়েছে বিশাল স্ক্রিন। ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলের জেপোরোজিয়া ও খেরসনে গণভোট করেছে রাশিয়া।

রাশিয়া ও এর মিত্রদের দখলে থাকা ওই চার অঞ্চলে ৫ দিন ধরে চলা গণভোট শেষ হয় গত মঙ্গলবার। এরপর এ ভোটে রাশিয়ার সঙ্গে এই অঞ্চলগুলোর যুক্ত হওয়ার পক্ষে ‘বিপুল জনরায়’ এসেছে বলে বুধবার জানিয়েছেন সেখানকার মস্কোপন্থি প্রশাসনের কর্মকর্তারা।

গণভোটের যে ফল প্রকাশিত হয়েছে, তাতে অঞ্চলভেদে ভোটের ৮৭ শতাংশ থেকে ৯৯ দশমিক ২ শতাংশই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে ‘হ্যাঁ’ বলেছে। এখন রাশিয়া অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে যুক্ত করে নেওয়ার আয়োজন করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নতুন সব ভূখন্ডকে রাশিয়ার অংশ করে নিতে শুক্রবার স্থানীয় সময় দুপুর ৩ টায় গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেন্ট জর্জ হলে চুক্তি সই অনুষ্ঠান করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ