ভারতের আসাম-ত্রিপুরায় গত কয়েক দিন যাবত বেশ কিছু মসজিদে হিন্দু সন্ত্রাসীরা অগ্নিসংযোগ ও ভাংচুর করে যাচ্ছে। মুসলমানদের দোকানপাট লুট ও ঘরবাড়িতেও আক্রমণ করে চলেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন ভারত সরকার এসব বর্বরতার দায় কিছুতেই এড়াতে পারেনা।
তারা বলেন অমানবিক ও অশুভ এসকল কর্মকাণ্ড বন্ধে ভারত সরকার কার্যত কোন পদক্ষেপ তো নিচ্ছেইনা উল্টো সেখানকার পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখে বিশ্ববাসী বিস্মিত হয়েছে। ক্ষমতাসীন বিজেপির সহায়ক শক্তি হিসেবে পরিচিত বজরং দল নবী মুহাম্মদ সা.এর নামে ব্যঙ্গাত্মক স্লোগান দিয়ে উগ্র হিন্দুদেরকে উৎসাহিত করেছে। এর ফলে বিজেপির সাম্প্রদায়িক নীতির নগ্ন চেহারা উন্মোচিত হয়েছে। মনবসভ্যতা ও মানবাধিকার হরণকারী এসব কার্যকলাপ বন্ধে বাংলাদেশেসহ মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপ অপরিহার্য হয়ে পড়েছে। অন্যথায় সবাইকে মাশুল দিতে হবে।
আজ এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খ যিয়া উদ্দীন, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এসব কথা বলেছেন।











