spot_img

প্রধানমন্ত্রী একজন জান্নাতি মানুষ এবং ইসলামের জন্য আশীর্বাদ : মুফতি কফীলুদ্দীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জান্নাতি মানুষ বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও আমিনবাগ জামে মসজিদের খতিব মুফতি কফীলুদ্দীন সরকার সালেহী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। আপনি বাংলাদেশে অবিস্মরণীয়, পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন। পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান, আজ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত একটি দেশে একইসঙ্গে ৫৬৪ মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছেন, এ রকম কোনো নজির, উদাহরণ নেই। ’

সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘জাতীয় ইমাম সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াইজান।

কফীলুদ্দীন সরকার সালেহী বলেন, ‘নবী-রসুল, গাউস-কুতুব, অলি-আওলিয়াদের পথ ধরে আপনি এই বাংলার জমিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ৫৬৪ মডেল মসজিদ প্রতিষ্ঠা করে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শাসক হিসেবে পৃথিবীর মানচিত্রে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এদেশের মানুষের জন্য এবং ইসলামের জন্য আশীর্বাদ।’

ইমামরা শেখ হাসিনার সৈনিক মন্তব্য করে ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক এই অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার ভয় নেই। আপনি এগিয়ে যান। লাখ লাখ ইমাম, মুয়াজ্জিন এবং খতিব আপনার পাশে আছেন। আপনি জানেন, ইমামরা কিন্তু আপনার সৈনিক। ’

তিনি বলেন, ‘তাদের (ইমামদের) যেমন দোয়ার হাত আছে, তেমনি সামাজিক পরিবর্তন এবং মানুষের মন মানসিকতা পরিবর্তনের ভাষাও আছে। কারণ মুসল্লিদের সদ-উপদেশ দিলে সঙ্গে সঙ্গে তারা গ্রহণ করেন। ’

কফীলুদ্দীন সরকার বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী) সুচিন্তিত দিক নির্দেশনায় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সফল নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন নানাবিধ কর্মমুখী পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছে। ’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ