শরণার্থী সংকটের কারণ পণ্ডিত ব্যক্তিরা জানেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে চলমান রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় শরণার্থী সংকট আন্তর্জাতিক মারপ্যাঁচের খেলার অংশ বলেই মনে হয়।
আজ বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত রোহিঙ্গা সংকটবিষয়ক এক নীতিনির্ধারণী সংলাপের উদ্বোধনী পর্বে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমার মনে হয়, আন্তর্জাতিক যে মারপ্যাঁচের খেলা, সেখানে শুধু মিয়ানমার নয়, তুরস্কেও প্রায় ৪০ লাখ শরণার্থী আছে। পৃথিবীর আরও অনেক জায়গায় এ ধরনের শরণার্থীরা আছে।
রোহিঙ্গা সংকট সমাধানে বর্তমান সরকারের বার্তা সম্পর্কে এম এ মান্নান বলেন, সবাই ভালো। আন্তর্জাতিক সম্প্রদায় আরও ভালো। কিন্তু শেষবিচারে আমাদের নিজেদের ঘরে সমাধান খুঁজতে হবে।
পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, আন্তর্জাতিক বিষয়, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং টানাপোড়োনের বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে সমাজের নিম্নস্তর পর্যন্ত শক্তিশালী ঐক্যের প্রয়োজন আছে। না হলে আমরা এ ধরনের বিষয়গুলো সমাধান করতে পারব না।











