ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নীতি-আদর্শ পরিপন্থি এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডা. আক্কাস আলী সরকারকে উপদেষ্টা পরিষদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এজন্য ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ আমীর চরমোনাই পীর মুফতি রেজাউল করীম আক্কাস আলী সরকারকে অব্যাহতি দেন।
আক্কাস আলী সরকার ২০১৮ সালের ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ উপনির্বাচনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও দলীয় প্রধান এইচ এম এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়ান।
পরবর্তীতে তিনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলে তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।










