নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাতের বেলায় ভোট ডাকাতি করার সরকার আমরা চাই না। এই সরকার যতদিন থাকবে, ততদিন জনগণের কল্যাণ হতে পারে না।
বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘নৈতিক সমাজ’ সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ কাউন্সিলে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশে যারা রাজনীতি করেন, তাদের নীতিহীনতা চিহ্নিত করার সুযোগ আছে। এখন যারা ক্ষমতায় আছেন, এরা কি নীতির ভিত্তিতে এসেছে, নির্বাচন করে এসেছে? এই সরকার অবৈধ, এরা গায়ের জোরে ডাকাতি করে ক্ষমতায় রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের যেকোনও জায়গার লোক এ কথা বলবে। টিসিবির ৪০০ জনের পণ্য দেওয়ার পরেও আরও ৪০০ জন দাঁড়িয়ে থাকে। তারা ট্রাকের পেছনে দৌড়াতে থাকে। ৭৪-এর দুর্ভিক্ষ আমরা দেখেছিলাম, এখন সেই দলের ক্ষমতায় থাকা অবস্থায় একই দৃশ্য আমরা দেখছি।










