spot_img

আফগানিস্তানে পাকিস্তানি হামলার প্রতিবাদে লন্ডনে আফগান প্রবাসীদের বিক্ষোভ

আফগানিস্তানে পাকিস্তানের হামলার প্রতিবাদে ইউরোপের দুই শহর লন্ডন ও অসলোতে বিক্ষোভ করেছেন প্রবাসী আফগানরা। সপ্তাহান্তে আয়োজিত এসব কর্মসূচিতে তারা পূর্ব আফগানিস্তানে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে পাকিস্তানের চলমান সামরিক হামলার নিন্দা করেন।

সপ্তাহান্তে লন্ডনে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রীয় সড়কগুলোতে মিছিল করেন। এ সময় তারা পাকিস্তানি হামলার বিরুদ্ধে স্লোগান দেন এবং বিশ্বশক্তিগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বলেন, বিতর্কিত ডুরান্ড লাইনের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। তাদের মতে, বারবার গোলাবর্ষণের কারণে আগে থেকেই নাজুক অবস্থায় থাকা জনপদগুলো আরও অস্থিতিশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তারা স্বাধীন তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে আরও জোরালো আন্তর্জাতিক চাপের দাবি জানান।

একই সময়ে, অসলোতে আফগান সম্প্রদায়ের সদস্যরা নরওয়ের পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে হামলার নিন্দা জানান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান তোলেন।

বিক্ষোভের আয়োজকেরা জানান, নরওয়েজীয় কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে। এতে সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ইউরোপে অনুষ্ঠিত এসব বিক্ষোভ চলমান উত্তেজনার মানবিক প্রভাব নিয়ে আফগান প্রবাসীদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন। একই সঙ্গে ডুরান্ড লাইনজুড়ে বেসামরিক মানুষের আরও ক্ষয়ক্ষতি ও নতুন উত্তেজনা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবিও জোরালো হচ্ছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ