দেশে জন্মহার বাড়াতে শিশুকল্যাণ খাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বরাদ্দ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
বুধবার (৩১ মে) দেশটির মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দিয়েছেন তিনি। আগামী তিন বছরের মধ্যে এই খাতে বরাদ্দের অর্থের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা তার রয়েছে বলেও বৈঠকে জানিয়েছেন কিশিদা।
প্রধানমন্ত্রী বলেন, যতই অর্থনৈতিক চাপ আসুক— সামনের বছরগুলোতে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি অব্যাহত রাখতে তার সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
জাপানের অর্থমন্ত্রী শিগেইউকি গোতো বুধবারে এক সংবাদসম্মেলনে জানিয়েছেন, শিশু ও অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের উচ্চশিক্ষায় ভর্তুকি, দরিদ্র্য শিশুদের ওপর নিপীড়ন প্রতিরোধ, প্রতিবন্ধী শিশু ও অপ্রাপ্তবয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা প্রভৃতি খাতে ব্যয় করা হবে বরাদ্দের এই অর্থ। তবে কোন উৎস থেকে বিপুল পরিমাণ এই অর্থ জোগাড় করা হবে— সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।











