রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আজ রোববার (৩১ জুলাই) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৭ হাজার ৪৪৬ পিস ইয়াবা, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২৭ গ্রাম হেরোইন, ১০০ বোতল দেশি মদ ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।











