আওয়ামী লীগের ২০২১ সালে আয় হয়েছে ২১কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। একই সময়ে ব্যয় করেছে ছয়কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ বছর খরচের চেয়ে প্রায় ১৪ কোটি ৯৩ লাখ টাকাবেশি আয় হয়েছে দলটির।
আজ রোববার (৩১ জুলাই) সকালে আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে জমা দেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।
আয়-ব্যয়ের হিসাবে বলা হয়েছে, ২০২১ সালের আওয়ামী লীগের আয় ২১কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি বলে জানায় দলটি।
২০২০ সালের তুলনায় ২০২১ সালে আওয়ামী লীগের আয় বেড়েছে ১০কোটি ৯০ লাখের বেশি টাকা। পাশাপাশি এ সময়ের মধ্যে ব্যয় কমেছে ৩কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। আর দলটির ব্যাংকে জমা রয়েছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।
সূত্র: বাসস










