বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন আঁচ করতে পেরেই মরণ কামড় দিতে শুরু করেছে। সরকার জনগণের সাথে ভাঁওতাবাজী, অসত্য বক্তব্য এবং বিরোধী দলের জীবন হরণের কর্মসূচিতে লিপ্ত রয়েছে। একদিকে সরকার সভা-সমাবেশে আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা ও আহত করছে, আবার অন্যদিকে নিজেদেরকে গণতন্ত্রী বলে দাবি করছে।
তিনি বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে।
রবিবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকারের এই দ্বিচারিতা জনগণের নিকট সুষ্পষ্ট। মূলত এই সরকার মানবাধিকার, বাকস্বাধীনতা তথা জনগণের দুশমন। আজ ভোলা ও ঝালকাঠিসহ দেশের কয়েকটি স্থানে পুলিশের হামলা এবং ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যাসহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা সরকারের অমানবিক দুঃশাসনেরই বহিঃপ্রকাশ।
ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি।
বিবৃতিতে আব্দুর রহিমকে হত্যাকারী ও অসংখ্য নেতাকর্মীকে আহতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপির মহাসচিব।










