spot_img

পাকিস্তানে জমিয়তের সম্মেলনে হামলা; নিহত বেড়ে ৪৪

পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সম্মেলনে বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৪ জন হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজাউর জেলায় ওই হামলার ঘটনায় আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।

গতকাল রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় ওই হামলার ঘটনা ঘটে। জেলার জরুরি কর্মকর্তা সাদ খান জানান, ওই হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন।

পুলিশ বলছে, তারা প্রমাণ পেয়েছে যে ভয়াবহ ওই বিস্ফোরনটি একটি সম্ভাব্য আত্মঘাতী হামলা ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহত লোকজনকে ইতোমধ্যেই হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই হামলার ঘটনায় আহত ১৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে পুরো এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলার খার শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। ওই এলাকা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ