আমেরিকার ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডালিয়া। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, এই ঝড়ে ওই অঙ্গরাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানকার অনেক এলাকা ঘূর্ণিঝড়েরর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে।
মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী এই ঘূর্ণিঝড় বুধবার স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় আঘাত হানে। সেখানে ধ্বংসযজ্ঞ চালানোর পর ঘূর্ণিঝড়টি আমেরিকার আরেক অঙ্গরাজ্য জর্জিয়ার দক্ষিণাঞ্চলের দিকে চলে যায়। ঝড়ের প্রভাবে সেখানেও প্রচুর বৃষ্টিপাত হয়।
তবে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশের সময় এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।
ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইডালিয়া কী কী প্রভাব ফেলেছে এখন সেটি খুঁজে বের করা হচ্ছে। অপরদিকে জর্জিয়ায় পানিবন্দি মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানি মহাসড়কগুলোতে চলে এসেছে। তলিয়ে গেছে সাধারণ মানুষের বাড়ি-ঘরও।
সূত্র: রয়টার্স











