spot_img
spot_img

লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে আমেরিকার হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে তেহরান। জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৩০ আগস্ট) ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘আগ্রাসীকে শাস্তি’ নামে পরিচালিত যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটি দুটির কারিগরি ও মেরামত অবকাঠামো এবং মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের স্থানগুলো ধ্বংস হয়েছে। এতে শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সোমবার ভোরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয় বলে এক বিবৃতিতে জানানো হয়।

এখন পর্যন্ত ঘাঁটি দুটিতে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার দক্ষিণ ইরানের লরাক দ্বীপে হামলা চালায় আমেরিকা। ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। এর পরই জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করল আইআরজিসি।

ইরানি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ওপর আগ্রাসন বা অপরাধ চালিয়ে হরমুজ প্রণালির ওপর দেশটির নিয়ন্ত্রণ দুর্বল করা যাবে না। তাদের দাবি, প্রতিটি হামলার আরও ‘ধ্বংসাত্মক জবাব’ দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ