নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি বলেন,বেসরকারি খাতে যেসব শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান প্রতিবছর ৫ বা ৭ শতাংশ করে বেতন বাড়ায় এবং মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করে সরকার। নতুন এই বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।











