Home Blog Page 56477

পশ্চিম তীরকে সংযুক্ত করার ষড়যন্ত্র; নিন্দা জানাল আরব লীগ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার জন্য তেল আবিব যে পরিকল্পনা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটি বলেছে, ইসরাইলের এ ধরনের পদক্ষেপকে আরব লীগ ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভার্চুয়াল বৈঠকে ২২ জাতির এ সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা এ বক্তব্য দেন।

তারা বলেন, ১৯৬৭ সালে দখল করা জর্দান উপত্যকাসহ ফিলিস্তিনের যেকোনো অংশকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে নতুন যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা হবে। ইহুদিবাদী ইসরাইলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে এবং আন্তর্জাতিক প্রস্তাবনা মেনে চলতে আমেরিকার প্রতিও আহ্বান জানান আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।

আরব লীগ সুস্পষ্ট করে বলেছে, যদি পশ্চিম তীরকে ইসরাইলির সঙ্গে সংযুক্ত করে নেওয়া হয়, তাহলে একটি স্বাধীন সার্বভৌম এবং ভৌগোলিকভাবে যুক্ত ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে। এই পরিকল্পনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাও তিরোহিত হবে।

সূত্র: পার্সটুডে