কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় একটি বসত ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-বিয়ারের চালান উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত এক ভাই পালিয়ে গেলেও তার সহোদর ভাইকে আটক করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুলের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালানা করেছে বলে ডিএনসির সংবাদ সম্মেলনে জানানো হয়।
সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেইলপাড়া এলাকার এজাহার মিয়ার বসত ঘরে একটি অভিযান চালানো হয়। এ সময় বসত ঘরের ভিতরে খাটের নিচে মজুদ করা বিদেশি মাদকদ্রব্য হুইস্কি ১৩২ বোতল, বিয়ার ৪৮৫ ক্যান, ১২ পার্সেন্ট বিয়ার ২০০ ক্যান উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ সময় ৫নং ওয়ার্ড ডেইলপাড়া গ্রামের এজাহার মিয়ার ছেলে বেলাল উদ্দিন (২৮) পালিয়ে গেলেও তার ভাই হেলাল উদ্দিনকে (৩২) আটক করতে সক্ষম হই। বেলাল ও হেলাল দুই সহোদর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত রয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ও পলাতকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











