পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ বিশ্বে শান্তির সংস্কৃতি প্রচার করছে। এটি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির দর্শন। বঙ্গবন্ধু জনগণের প্রাত্যহিক জীবনে স্বাধীনতা চেয়েছিলেন, যেখানে তারা নিপীড়ন, ক্ষুধা, অপুষ্টি, অজ্ঞতা ও ঘৃণা থেকে নিরাপদ থাকতে পারবে। শেখ হাসিনার বিশ্ব ও বিশ্ব শান্তির দর্শন বঙ্গবন্ধুর দর্শনেই নিহিত।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আইনের শাসনকে প্রাধান্য দিয়েছিলেন। এমনকি তার দৃষ্টিভঙ্গি, তার রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যের বিরোধিতার জন্য যখন একই নিয়ম ও আইনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, তখনও বঙ্গবন্ধু কখনই পাল্টা ব্যবস্থা হিসেবে হিংসা বা ঘৃণার আশ্রয় নেননি।










