কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫৫ বছর বয়সী সিদ্দিক মন্ডল নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চাদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চাদগ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্দিক মন্ডল ভেড়ামারা উপজেলার চাদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চাদগ্রামের মধ্যপাড়া এলাকার মৃত ওমর আলী মন্ডলের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আহত বাদশা মন্ডল, ইউনুস, খালেক, কোব্বাত মন্ডল নিহতের আপন ভাই। আহত বাদশা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং অন্যরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে চাদগ্রাম মধ্যপাড়া মাঠে নিহতের ছোট ভাই বাদশা ঘাস কাটতে যায়। এ সময় মাঠে বাদশাকে একা পেয়ে চাদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাফিজ তপনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল রামদা, ছুরি, অস্ত্রসহ লাঠিসোটা দিয়ে হামলা করে। এ ঘটনায় বড় ভাই সিদ্দিক মন্ডলসহ অন্যান্যরা তাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় তাদের মারধর করা হয়। গুলিতে নিহত হয় সিদ্দিক।











