করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৫ হাজার ৯০৪ জনে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় চার দশমিক ৩৬ শতাংশ। শনাক্তদের মধ্যে ৮৪ জন নগরের এবং ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, অ্যান্টিজেন টেস্টে ১৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে আটজন, শেভরন হাসপাতাল ল্যাবে আটজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে দুজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে তিনজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে চারজন এবং শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











