রাজশাহীতে ওয়াসা কর্তৃক পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচি থেকে বিএনপি নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে পানির বর্ধিত দাম না কমালে ওয়াসা ভবন ঘেরাওসহ প্রয়োজনে রাজশাহীতে হরতালের ডাক দেয়া হবে।
এসময় নেতারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয় সংলগ্ন রাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, বর্তমান সবক্ষেত্রেই পিছিয়ে থাকা একটি অঞ্চল হলো রাজশাহী। এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা খুব ভালো নয়। এছাড়া ওয়াসার পানি অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময়। ওয়াসার পানি পান করে অনেক মানুষ পেটের পীড়ায় ভুগছেন। এ অবস্থায় পানির দাম বাড়ানো অযৌক্তিক। এমন পরিস্থিতিতে কোনোরকম গণশুনানি ও মতামত গ্রহণ ছাড়াই রাজশাহীতে পানির দাম অস্বাভাবিক হারে অর্থাৎ এক লাফে তিনগুণ বাড়িয়েছে ওয়াসা। প্রতিষ্ঠানটির নেয়া এমন বিতর্কিত উদ্যোগে নগরবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে ওয়াসাকে পানির বর্ধিত দাম কমাতে হবে। তা না করা হলে আগামীতে ওয়াসা ভবন ঘেরাওসহ প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা।











