গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এসময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নুতন করে শনাক্ত হয়েছেন ৫২ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৩১১ জনে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় দুই দশমিক ৪২ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৩৬ জন নগরের এবং ১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে নয়জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে ছয়জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে তিনজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











