পিরোজপুরের শংকরপাশায় ট্রাকচাপায় মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মুহাম্মাদ ফারুক হোসেন নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন- হানিফ সরদার (৪৫), কিবরিয়া হাওলাদার (৩৫), ভুবন রায়ের ছেলে জগদিশ রায় (২৮) ও নুর ইসলাম (৫০)।
শুক্রবার (৪ মার্চ) রাতে ইউনিয়নের কলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে পিরোজপুরগামী একটি ট্রাক কলবাড়ি এলাকায় এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকা ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও ৪ জন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।











