নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, বিজিবি মহাপরিচালক হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু বিজিবিকে নবজীবন দান করেছিলেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবিকে যুগোপযোগী করে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছেন।
শনিবার (৫ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নতুন বিজিবি প্রধান বলেন, বিজিবি এখন জলে-স্থলে ও আকাশপথে যেকোনো দায়িত্ব পালন করতে সক্ষম। বিজিবি’র মতো ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকতা, যশোর রিজিয়নের কমান্ডার, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।










