বি.বাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে তাদের মা মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগসাজশে সে এ হত্যাকাণ্ড ঘটায়। এরপর নাপা সিরাপে বিষক্রিয়ার অপপ্রচার চালান নিষ্ঠুর ওই মা।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে মা লিমা বেগমকে গ্রেফতারের পর পুলিশের কাছে সে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশের আরেকটি সূত্র জানায়, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সাথে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সাথে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করে মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করে। কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন্দেহ হয়। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত করতে থাকে।











