সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপর ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়ে ছবি ‘বিকৃতি ও অবমাননার’ অভিযোগে মো. রেজাউল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রেজাউল করিম তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে এবং ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য।
সূত্রে জানা যায়, আগামী ২৬ মার্চ ইসলামী আন্দোলনের বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াশ উপজেলা শাখার আয়োজনে পশ্চিমপাড়া ফাজিল মাদরাসার মাঠে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমকে প্রধান অতিথি করা হয়েছে। মাহফিলের প্রচারের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়। মাহফিলের একটি পোস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপর লাগানো হয়। এই অভিযোগে রেজাউল করিমকে আটক করা হয়।
বাংলাদেশ মুজাহিদ তাড়াশ উপজেলা শাখার সদস্য ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য মাওলানা মো. আবুল কাশেম জানান, আগামী ২৬ মার্চ তাড়াশের পশ্চিম পাড়া ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলাজুড়ে পোস্টার লাগানো হয়। এই পোস্টার বঙ্গবন্ধুর ম্যুরালে কে বা কারা লাগিয়েছে আমরা জানি না। মাহফিল বন্ধ করার জন্য শত্রুতা করে কেউ এই ঘটনা ঘটিয়েছে।
আটকের বিষয়ে তিনি বলেন, আটক রেজাউল কমির ওয়াজ মাহফিলের আয়োজক কমিটির সদস্য। এজন্য তাকে জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।











