spot_img
spot_img

খাবারের দাওয়াত না পেয়ে শিক্ষককে মারধর করলেন ছাত্রলীগ নেতা

খাবারের আয়োজনে দাওয়াত না দেওয়ায় শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বিএম সোহেলকে মারধর করার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের শাখা ছাত্রলীগ সভাপতি সোহাগ ব্যাপারীর বিরুদ্ধে।

বুধবার (৩০ মার্চ) বিকালে এই ঘটনা ঘটে।

এদিকে শিক্ষককে মারধরের প্রতিবাদে কলেজের শিক্ষক পরিষদ একটি জরুরি সভা করেছে। সভায় এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন অধ্যক্ষ হারুন অর রশিদ।

কলেজের শিক্ষকরা জানান, বুধবার কলেজের বাংলা বিভাগের স্নাতক সম্মান (অনার্স) চতুর্থবর্ষের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নিতে সেখান জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুজন বিশেষজ্ঞ ও একটি সরকারি কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তাদের খাবারের আয়োজন করা হয়। এই আয়োজনে ছাত্রলীগের নেতাদের দাওয়াত দেওয়া হয়নি।

এরপর কেন ছাত্রলীগ নেতাদের দাওয়াত দেওয়া হয়নি তা জানতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী ও সাধারণ সম্পাদক রাশেল জমাদ্দার কয়েকজন ছাত্রলীগ কর্মীকে নিয়ে বাংলা বিভাগে আসেন। তারা বাংলা বিভাগের প্রভাষক বি এম সোহেলকে এ বিষয়ে জবাবদিহি করতে বলেন। তিনি তখন একটি অনলাইন প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন। বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ছাত্রলীগ নেতাদের। তখন সোহাগ ব্যাপারী বি এম সোহেলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অন্য শিক্ষকরা এসে বি এম সোহেলকে উদ্ধার করেন।

বি এম সোহেল বলেন, ঘটনার আকস্মিকতায় আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। বুঝতে পারছিলাম না কি করব। ছাত্রদের সামনে এমন অপমান-অপদস্থ করা হবে ভাবতেও পারিনি। বিষয়টি আমি অধ্যক্ষ স্যারকে ও শিক্ষক পরিষদের নেতাদের জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত দেবেন তাই মেনে নেব। আমরা সাধারণ শিক্ষক, ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বিরোধে জড়িয়ে টিকতে পারব না। তাই এর বিচার হবে কি না তা নিয়েও আমার সন্দেহ আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ