পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভোলে নাই। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছিলো। তাদের জাতীয় নেতা শাহ এমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করে পঙ্গু করেছে। নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিলো। আওয়ামী লীগের অনেক জাতীয় নেতাদের পর্যন্ত চুরির মামলা দিয়েছিল। সে কথা আমরা ভুলে যাইনি।
এনামুল হক শামীম বলেন, বিএনপি-জামায়াত ২১ আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে হত্যা করেছে। তারা বারবার জননেত্রী শেখ হাসিনা হত্যা করতে চেয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় এতিমের টাকা মেরে খাওয়া বেগম খালেদা জিয়া আদালতে জামিন না পেয়েও বিশেষ ক্ষমতায় বাসায় থাকতে পারছে। বিএনপির মনে রাখতে হবে উদারতা মানে দুর্বলতা নয়। বিএনপি রাজপথে নেই, নির্বাচনে নেই, তারা রুমে বসে ষড়যন্ত্র করতে ব্যস্ত। এসব করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হয়। জনবিচ্ছিন্ন দল বিএনপি কোনো দিন আর ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ সরকারে আছে, রাজপথে আছে, নির্বাচনে আছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের স্বপ্নপূরণের দল। কোটি মানুষের হৃদয়ের আবেগ ও ভালবাসার এ দল বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছে। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নে মহসড়কে। তাই আগামী নিবার্চনেও জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলে দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করে। এই বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতাদানকারী। তারা ক্ষমতায় থাকতে বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন করেছিলো।










