বজ্রপাতে দেশের সাত জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে একই স্থানে তিন কিশোর মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে দুইজন, বাগেরহাটে একজন, মেহেরপুরে একজন ও কক্সবাজারে একজন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নদীর পাড়ে থাকা আরও দুইজন। নিহতরা হলেন, উপজেলার হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫), আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্বপাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাবার কবর জিয়ারত করার সময় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের দুর্গাপুরে এ ঘটনা ঘটে। রনি ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
হবিগঞ্জ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের শাহজাহান মিয়া ও সাবাজ মিয়া (২৭)।
বাগেরহাট
বাগেরহাটের মোংলায় কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার ভাই মন্টু (৪৮) আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে শামসুল আলম (৫০) নামে এক লবণচাষির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।











