২০২২ সালের জানুয়ারি থেকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ৮২০ বাংলাদেশিসহ মোট ৬ হাজার ৫৭৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
স্থানীয় সময় শনিবার (০৭ মে) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল যাইমি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে, দেশব্যাপী ২ হাজার ৬৫২টি অভিযান পরিচালনা করে তার মধ্যে ৫৮ হাজার ২৯১ জনের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে ১০১ জন নিয়োগকর্তাসহ ৬ হাজার ৫৭৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩ হাজার ১৭২ জন, বাংলাদেশের ৮২০ জন, মিয়ানমারের ৬৪০ জন, ফিলিপিনের ৫৫৩ জন, থাইল্যান্ডের ৪৪১, ভারতের ২৭৬ জন, কেম্বোডিয়ার ১৭০ জন, পাকিস্তানের ১৫২ জন, নেপালের ১৪০ জন, ভিয়েতনামের ৮৮ জন এবং অন্যান্য দেশের রয়েছে আরও অন্তত ১২১ জন।











