ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকারে করে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়ার মুখে অভিযুক্তরা পালিয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও চারটি গরু উদ্ধার করেছে।
এ ঘটনায় শুক্রবার (৩ জুন) বিকালে পাঁচপাড়া এলাকার বাসিন্দা ওবায়দুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ত্রিশাল থানায় একটি মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে একই এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, রাতে ওই এলাকায় পুলিশের টহল ডিউটি ছিল। মধ্যরাতের দিকে খবর আসে পাঁচপাড়া এলাকার ওবায়দুল হকের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকার গ্রাম পুলিশদের মোড়ে মোড়ে অবস্থান নিতে বলা হয়।
একই সময়ে স্থানীয় এক যুবক ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে ত্রিশাল বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি পাঁচপাড়া এলাকায় পৌঁছালে দেখতে পান, অজ্ঞাতনামা কয়েকজন চোর প্রাইভেটকারে গরু তুলে পোড়াবাড়ী বাজারের দিকে নেওয়ার চেষ্টা করছেন। পরে ওই যুবকসহ স্থানীয়রা চোরদের ধাওয়া করলে, চোরেরা প্রাইভেটকারসহ উপজেলার বাদামিয়া এলাকায় গরু রেখে পালিয়ে যায়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ চারটি গরু জব্দ করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন।











