সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হলো এক স্কুলছাত্রী। মেহেরপুর জেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় তিশা (১৪) নামে এক ছাত্রী নিহত হয়েছে। নিহত তিশা মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ ম শ্রেণির ছাত্রী ও মেহেরপুর জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিনুল ইসলামের মেয়ে।
আজ রবিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তার খালাতো ভাই পলাশের সাথে মোটরসাইকেলে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলো। পথিমধ্যে জেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তিশা পিছন দিক থেকে পড়ে যায়। এরপরে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই পাওয়ার ট্রলি তিশার মাথার উপর দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আমরা বিষয়টি জানতে পেরেছি, এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।











