আবারও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। কেজিপ্রতি প্রায় ১৫ টাকা করে বাড়তে দেখা গেছে। বেড়েছে আলুর দামও। তবে, ব্রয়লার মুরগির দাম কমেছে। এদিকে, গাজরের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে শসার দাম।
শুক্রবার (২৪ জুন) রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। সেই পেঁয়াজ এখন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, দেশি পেঁয়াজ মজুদ করা ও বন্যার কারণে এ দাম বেড়েছে।
এদিকে গত সপ্তাহে আলুর দাম ছিল ২৫ টাকা, যা এক মাস আগে ছিল ২০ টাকা। সেই আলু আজ কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বর্তমানে এক কেজি গাজর বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। গত সপ্তাহেও একই দাম ছিল। অন্যদিকে, গত সপ্তাহে বিক্রি হওয়া ৪০ টাকা কেজির শসা এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
এদিকে, প্রতিকেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এ সবজির দামে তেমন পরিবর্তন আসেনি। টমেটোর মতো অপরিবর্তিত রয়েছে বরবটি ও বেগুনের দাম। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। করলাও গত সপ্তাহের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।










