নোয়াখালীতে নারী ও শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। এদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে আটক হয় নয় জন এবং বাকি পাঁচ জন সুবর্ণচর থেকে আটক হয়।
কোম্পানীগঞ্জে আটক রোহিঙ্গারা হলো—ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৩ নম্বর ক্লাস্টারের নুরুল হাকিম (২৪), ২৮ নম্বর ক্লাস্টারের ওমর ফারুক (১৪), ৫৪ নম্বর ক্লাস্টারের মাজেদা বেগম (১৫), ৭১ নম্বর ক্লাস্টারের মমতাজ বেগম (২০) ও মনিকা বেগম (৮), ১৪ নম্বর ক্লাস্টারের হোসনেয়ারা (২০), একই ক্লাস্টারের নুর ছাদেক (৪), আনোয়োর ছাদেক (২) ও ৮৩ নম্বর ক্লাস্টারের জাহেদুল্লা (২১)।
গতকাল সোমবার (৪ জুলাই) রাত ১০টার দিকে আটক রোহিঙ্গাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রাত ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট থেকে তাদের আটক করে এলাকাবাসী।
কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন সৌরভ জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেলে করে নয় জন রোহিঙ্গা চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথা এলাকায় আসে। হাতে-পায়ে কাদামাখা অবস্থায় দুই রোহিঙ্গা নারী, চার শিশু ও তিন যুবক ঘোরাফেরা করতে দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসা করা হলে তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাদেরকে রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।











