কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হয়েছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস।
বুধবার (৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ১৮টি গরু ও চারটি ছাগল নিয়ে ট্রেনটি রাজধানী ঢাকার তেজগাঁও রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম বলেন, কোরবানির ঈদের আগে ট্রাকে করে গরু পরিবহন করে ঢাকা যেতে প্রায় ২৪ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। ক্যাটল ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। এছাড়াও ট্রাক থেকে গরুগুলো নামাতে কষ্ট হয়। ট্রেনে সহজেই উঠানো-নামানো যায়। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকায় পৌঁছাবে। যানজটের কোনো সমস্যা থাকবে না। পশুভর্তি ট্রেনটি রাতে চলাচল করবে, ফলে তীব্র গরমে পশুগুলো অসুস্থ হয়ে পড়বে না। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন সেই ব্যবস্থা রাখা হয়েছে।











