বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু হয়েছে। ৫ ঘণ্টা চেষ্টার পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার স্ত্রী, ২ সন্তানসহ একই পরিবারের ৫ জন সাগরের মোহনায় গোসল করতে নেমে সবাই ডুবে যায়।
কিছুক্ষণ পর স্ত্রী ও দুই ছেলেকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করতে পারলেও মারা যান এনএসআই কর্মকর্তা গোলাম মোস্তফা কাদের (৪০) ও স্ত্রীর বোনের মেয়ে জুঁই (১৮)। বুধবার দুপুর ১২টার দিকে শুভসন্ধ্যা সৈকতে এঘটনা ঘটে।
মারা যাওয়া মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত ছিলেন।
জানা গেছে, এসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করার সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে, তার স্ত্রীর বোনের মেয়ে জুঁইকে নিয়ে ঈদের ছুটিতে বরগুনায় আসেন। বুধবার সকালে তারা পরিবারের সবাই শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে এসে সবাই মিলে সমুদ্রে গোসল নামেন।
গোসলে নেমে ঢেউয়ে তোড়ে মুহূর্তের মধ্যে সমুদ্রের মাঝে চলে যায় সবাই। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারের জন্য সাগরের মোহনায় নেমে উদ্ধার অভিযান পরিচালনা করে স্ত্রী ও ২ ছেলেকে উদ্ধার করেন।
পানিতে ডুবে নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার শত শত জেলেসহ কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম উদ্ধারকাজে নেমে পড়েন। পরে বিকেল ৫টার সময় সাগরের মোহনা থেকে এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও স্ত্রীর বোনের মেয়ে জুঁইয়ের লাশ উদ্ধার করে জেলেরা।











