spot_img

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে : আশঙ্কা জিএম কাদেরের

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অনেক মিল আছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিদেশ থেকে রেমিট্যান্স গ্রহণ করে, পর্যটন থেকে আয় করে আবার গার্মেন্টস শিল্প থেকেও আয় করে। করোনা বা ইউক্রেন যুদ্ধের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়নি। শ্রীলঙ্কায় প্রায় দশ বছর গৃহ যুদ্ধ চলেছে কিন্তু তখনো দেশটি দেউলিয়া হয়নি। শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে।

বৃহস্পতিবার (১৪ জুলাই ) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ যে বাজেট করছে তা ঋণ নির্ভর বলে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, তাই আমরা পরিচালন ব্যয় কমাতে বলেছি, কিন্তু সরকারের কোন উদ্যোগ নেই।

তিনি আরও বলেন, গত বছরও পুরো ট্যাক্স আদায় করতে পারেনি সরকার। এবার সাধারণ মানুষ ট্যাক্স দিতে না পারলে অবস্থা আরও খারাপ হবে। বিদেশি ঋণ নিয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। যখন সুদসহ ঋণ পরিশোধ করতে হবে তখন দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।

জিএম কাদের বলেন, যদি ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে কোন মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয় আর সেখান থেকে প্রতিদিন ১ কোটি টাকা হারে বছরে ৩৬৫ কোটি টাকা আয় হয় তাহলে শুধু আসল পরিশোধ করতে ৯০ বছর লেগে যাবে। আবার সুদের টাকাও পরিশোধ করতে হবে। সুদসহ ঋণ পরিশোধ করতে গিয়েই শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। ঋণ নির্ভরতার কারণে দেশের ব্যাংকে টাকা নেই। পরিচালন ব্যয় না কমালে ব্যাংক থেকে ঋণ করে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ কারণেই দেশের অবস্থা শ্রীলঙ্কার মত হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ