ন্যায়বিচার বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আইন, বিচার, প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের হাতের মুঠোয়। আইনের রাজনৈতিক ব্যবহারের কারণে ন্যায়বিচার বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। নিষ্ঠুর ফ্যাসিবাদ ভয়ংকর দানবরূপে আত্মপ্রকাশ করেছে। মানুষ আদালত থেকে এখন আর ন্যায় বিচার পায় না।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আদালত মানুষের শেষ আশ্রয়স্থল। অথচ বিরোধী দলসহ দেশের সাধারণ মানুষ সেখান থেকে কোনো প্রতিকার পায় না। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার হীন স্বার্থ হাসিল করছে। মূলত জনগণকে বন্দি করে রাখার জন্যই আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নিশিরাতের সরকার।
তিনি বলেন, অবৈধ সরকারের বানোয়াট ও ভুয়া মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালতে হাজির হলেই তাদের জেলে ঢুকানো হচ্ছে। অথচ সরকার দলীয় লোকজন মানুষ খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি নেতা মো, মোর্শেদ মিল্টন, মো, ফজলে রাব্বি ফিরোজ ও মো. হারুন অর রশীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। এটা সরকার কর্তৃক সংঘটিত অনাচারেরই ধারাবাহিকতা।
মহাসচিব বলেন, বর্তমান সরকারের সব অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।










