spot_img

দেশের সর্বস্তরে ‘স্বাধীনতাবিরোধীদের’ আধিপত্য, মুক্তিযুদ্ধের চেতনাধারীরা নগন্য : মুক্তিযুদ্ধ মন্ত্রী

দেশের সর্বস্তরে ‘স্বাধীনতাবিরোধীদের’ আধিপত্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, দেশের সর্বস্তরে স্বাধীনতাবিরোধীদের আধিপত্য কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাধারীরা নগন্য। মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাচ্ছে বলেই মুক্তিযোদ্ধারা আজ অবমূল্যায়িত হচ্ছেন। তাই মুক্তিযোদ্ধাদের ইতিহাসের পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের ইতিহাসও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের নয় মাস কীভাবে কেটেছে সেটি তাদের পরিবারকে জানানো দরকার।

শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস যথেষ্ট নয়। এটি আরও সমৃদ্ধ করা দরকার। মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করলেই হবে না। এর সঙ্গে রাজাকাররা কীভাবে লুটপাট করেছে, অগ্নি সংযোগ করেছে, ধর্ষণ করেছে, নির্যাতন করেছে সেই ইতিহাসগুলো তুলে ধরতে হবে। পাঠ্যসূচিতে এগুলো থাকা উচিত। না হলে প্রকৃত ইতিহাস আগামী প্রজন্ম জানতে পারবে না।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বীর প্রতিক শাহজাহান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য নৌ-কমান্ডো মীর মোশতাক আহমেদ (রবি) ও নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের সদস্যরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ