সীমান্তে গুলি চালিয়ে প্রায়শই নির্মমভাবে বাংলাদেশীদের হত্যা করে বিএসএফ। প্রতিবার সীমান্ত সম্মেলনে হত্যা বন্ধে আলোচনা হলেও সীমান্তে বন্ধ হয়নি গুলিবর্ষণ। আর সেই হত্যকাণ্ডের পক্ষেই এবার অবস্থান নিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পঙ্কজ কুমার সিং।
তার মতে, বাংলাদেশ-ভারত সীমান্তে যারা গুলিতে নিহত হয়েছেন তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। নিহতরা সবাই মাদক, গরু চোরাকারবারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত ৫ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সীমান্তে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের কিসের ভিত্তিতে অপরাধী বলা হয়, এমন প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, বিচার ব্যবস্থায় অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কাউকে অপরাধী বলতে পারি না। আমরা বর্ডার গার্ড, কলকাতা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি। আমরা গোয়েন্দা তথ্য শেয়ার করি। মাফিয়ারা সীমান্ত দিয়ে চোরাকারবারিতে জড়িত।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় ভালো-মন্দ দুই ধরনের মানুষই আছে। তাদের কারণে সীমান্তে অপরাধ সংঘটিত হয়। তাদের কারণেই চোরাকারবার, শিশু ও নারী পাচার ও অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে।










