সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সরকারি সফরে স্পেন এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (২৩ জুলাই ২০২২) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন তিনি। আন্ঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতি এ তথ্য জানানো হয়।
ওই বিবৃতি বলা হয়, ২৪ জুলাই থেকে ২৬ জুলাই ২০২২ পর্যন্ত সরকারি সফরে স্পেনে অবস্থান করবেন। এই সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস (Airbus CASA C295W) বিমানের হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্ততিমুলক কার্যক্রম এবং এয়ারক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন।
এছাড়াও সেনাবাহিনী প্রধান এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র অ্যালকোটান (ALCOTAN) এর উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে ইন্সটালাজা নামক প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।
অতঃপর তিনি ওই দেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আমাদর ফার্নান্দো ইনসেনাত ওয়াই বিরিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
বিবৃতিতে আরও বলা হয়, সফরের দ্বিতীয় অংশে সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৮ জুলাই ২০২২ তারিখে ব্রিটেনে অনুষ্ঠিতব্য, ২২তম কমনওয়েলথ গেমস যা বার্মিংহাম ২০২২ নামে পরিচিত, এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ব্রিটেন গমন করবেন।










