spot_img
spot_img

বিচার ব্যবস্থার উপর যেন মানুষের আস্থা না হারায় : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, নানা কারণে বর্তমানে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা বেড়েছে। আমাদের সচেতনতা, কর্মনিষ্ঠায় মামলা জট হ্রাস মেলে। হাজার হাজার বিচারপ্রার্থী ন্যায়বিচার পেয়ে দ্রুত যাতে বাড়ি ফিরতে পারে সেটা ভাবতে হবে। মানুষ বিচারের আশায় আদালতে কত দিন ঘুরবে। এভাবে ঘুরতে ঘুরতে যদি এক সময় মানুষের বিচারের ওপর অনাস্থা প্রকাশ করে বলে, এই দেশে বিচার নাই্। তাহলে এটাকে কি অন্যায় বলা হবে?

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকাস্থ খুলনা বিভাগীয় আইনজীবীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বেঞ্চ গঠন করতে গেলে আমাকে অনেক কিছু মনে রাখতে হয়। এখনো কজলিস্টে (মামলা তালিকায়) ৮০ ও ৯০ দশকের মামলা তালিকায় আসে। দেখা যায়, অনেক মামলা ৪০ বছর পর্যন্ত পেন্ডিং আছে।

তিনি আরও বলেন, আইনজীবীদের জায়গা সংকটের পাশাপাশি গ্রাম-গঞ্জ থেকে যেসব সাধারণ মানুষ বিচারের আশায় উচ্চ আদালতে আসেন, তাদেরও বসার জায়গার দরকার। এজন্য আমি যখন শপথ নেই, তখন প্রধানমন্ত্রীর কাছে বিচারপ্রার্থীদের জন্য সব আদালত এলাকায় বসার জায়গার জন্য শেড নির্মাণের অনুরোধ করি। তিনি তাৎক্ষণিক রাজি হয়ে যান। তারপরও কথা হলো আমাদের প্রধান সমস্যা জায়গার। আমাদের এখন যতটুকু জায়গা আছে তার মধ্যে আগামী ১০০ বছরের প্ল্যান করতে হবে। প্রতিটি ইঞ্চি জায়গায় গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের মহা পরিকল্পনা করে এগোতে হবে।

আইনজীবীদের ভবন দাবির বিষয়ে তিনি বলেন, আপনাদের দুঃখ কষ্ট আমি বুঝি। এজন্য আপনাদের জন্য যতটুকু আমার করার আছে সেটুকু করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ