বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শিল্পকলা একাডেমির আলোচনা সভায় যোগ দেন। সভাপতি পদবঞ্চিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লাসহ সমর্থকরা ওই সভায় যান। বেলা ১১ টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা নেতাকর্মীদের নিয়ে শিল্পকলায় আসলে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শিল্পকলায় প্রবেশের সময় ছাদ থেকে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে অজ্ঞাতরা। তাদের ইট-পাটকেলে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ছাত্রলীগেরে গ্রুপিং থেকেই ঘটনার শুরু। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয় হবে।











