ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসন যুদ্ধের শুরুর দিকেই দখল করে নিয়েছিল রাশিয়া। ইউক্রেন এখন বলছে, এই শহরটি এবং পুরো খেরসন অঞ্চল পুনর্দখলে তারা ব্যাপক অভিযান শুরু করেছে এবং লড়াইতে তারা রুশ সৈন্যদের চরম চাপের মধ্যে ফেলেছে।
এই পরিস্থিতিতে বাঁচতে চাইলে রুশ সামরিক বাহিনীকে পালিয়ে যেতে হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো বলছে, তারা ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে এবং কিয়েভের সৈন্যদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তাদের সৈন্যরা খেরসনে পাল্টা হামলায় পশ্চিমাদের কাছে থেকে পাওয়া দূরপাল্লার অত্যাধুনিক রকেটের সাহায্যে ‘সাফল্যের সাথে’ রুশ সৈন্যদের অস্ত্র এবং অন্যান্য রসদের গুদাম ও সরবরাহ রুটের ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে।











