চট্টগ্রাম সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ও উপজেলার মিয়ার বাজারস্থ হাশিম ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আকিব উদ্দিন আল-হাসান (২৪) বাঁশখালী-পেকুয়া সংযোগ সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। এসময় একই দুর্ঘটনায় গুরুতর আহত হয় তার বন্ধু মো. মানিক।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নাপোড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মো. আকিব চলতি মাসের ২৫ তারিখ হজ্বে যাওয়ার প্রস্তুতি নিয়ে তার হজ্ব কাফেলার লোকজনদের সাথে দেখা করতে বাঁশখালীর সীমান্তবর্তী টেইটং এলাকায় রওয়ানা দেন। পথিমধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারালে নাপোড়া বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় মারাত্মক দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাস্থল থেকে লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় চাম্বলস্থ বাঁশখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
বাঁশখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. মুমিনুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আকিব গুরুতর আহত হয়। তার মুখের বাম পাশের পুরোটা ভেঙে গেছে। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
চমেক হাসপাতালে থাকা আকিবের বড় ভাই আব্দুল মালেক জানান, আকিবের অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার সময় হাসপাতালে তার মৃত্যু হয়েছে।











