বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ গত ১৩-১৪ বছরে আমাদের নেতাকর্মীদের ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছে। বারবার নির্যাতিত হয়েও আমরা শেখ হাসিনার কাছে মাথা নত করিনি। তারা দুঃশাসন করেছে। তারা গুম করেছে, খুন করেছে। আওয়ামী লীগারদের হাত আজ রক্তে রঞ্জিত। তারা শেখ হাসিনার দল। তারা বাংলাদেশকে আজ দোজখে পরিণত করেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের হামলার প্রতিবাদে শহরের পুরাতন গো হাটা রোডে বশির ভিলা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দিয়েছে। আদব-কায়দা, মান-সম্মান বলতে কিছুই রাখেনি তারা। তাদের পক্ষেই সম্ভব বাড়িতে হামলা করা। এদের পক্ষেই সম্ভব অত্যাচার-নির্যাতনের সঙ্গে জড়িত থাকা। বিএনপি সেই রাজনীতি করে না। আবারো আমরা ক্ষমতায় আসব। রাজনীতি যে জনগণের জন্য, তা আমরা ফুটিয়ে তুলব। অতীতের মতো জনগণের পাশে থেকেই রাজনীতি করব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সভার প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এতে স্বাগত বক্তব্য রাখেন।










