spot_img
spot_img

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দাদী-নাতী নিহত

বিয়ের অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সেই পরিবারের তিনজন ও সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আরো চারজন যাত্রী আহত হন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের দেবিদ্বারের পৌর এলাকার সাইলচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর এলাকায় সিএনজি অটোরিক্সাকে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ২ জন নিহত এবং চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। দূর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিক্ষিকা হাজেরা বেগম ও তার নাতী আবির মারা যান। আশঙ্কাজনক অবস্থায় বজলুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মীরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. কামাল উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, দাদী হাজেরা ও নাতী আবিরকে মৃত অবস্থায় আনা হয়েছে। এ ছাড়া বজলুরের অবস্থা ভালো ছিল না তাই তাকে ঢাকায় নিতে বলা হয়েছে। বাকিরা কুমিল্লা মেডিক্যালেই চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন, দেবিদ্বার পৌর এলাকার বাড়েরা গ্রামের বজলুর রহমানের স্ত্রী ও উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৫০) ও তার নাতী আবির (৫)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ